tanaka
প্রচ্ছদখেলা৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ফল ভারতের

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ফল ভারতের

হকি বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় নারী দল। কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চম স্থান নিশ্চিত করেছে ভারত। ১৯৭৪ সালের বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর এটিই বিশ্বকাপে ভারতের সেরা ফল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। ভারত অবশ্য সতর্ক থেকে প্রতি-আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা করে। অধিনায়ক সলিমা টেটেও কয়েকবার আক্রমণে উঠে আসেন।

ধীরে ধীরে ভারতের ওপর চাপ বাড়াতে থাকে জার্মানি। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার পায় তারা। তবে প্রথম শটই দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ভারতীয় গোলকিপার বিচু দেবী। পরের পেনাল্টি কর্নার থেকেও গোল আদায় করতে পারেনি জার্মানি।

দ্বিতীয় কোয়ার্টারেও একই চিত্র দেখা যায়। বলের দখল ছিল জার্মানির কাছেই। ভারতের আক্রমণও খুব একটা জমে উঠছিল না। তবে বিরতির আগে কিছুটা ছন্দ ফিরে পায় ভারত। নভনীত কৌর ও সলিমা কয়েকটি সুযোগ তৈরি করলেও জার্মান গোলকিপারের দুর্দান্ত সেভে গোল পায়নি ভারত।

বিরতির পর অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় ভারতকে। আক্রমণের গতি বাড়িয়ে জার্মানির রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে তারা। ৩৮ মিনিটে জ্যোতি চোট পেয়ে মাঠ ছাড়লেও ভারতের ছন্দে কোনো প্রভাব পড়েনি।

এর পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় ভারত। ব্যক্তিগত দক্ষতায় জার্মান বক্সে ঢুকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে দেন ইশিকা চৌধুরী। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

এরপর ব্যবধান আরও বাড়ায় ভারত। ৪৪ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করেন নভনীত কৌর। প্রথম সুযোগটি পা লাগার কারণে বাতিল হওয়ার পর আবার পেনাল্টি কর্নার পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান নভনীত। মাত্র দুই মিনিটের ব্যবধানে ভারত এগিয়ে যায় ২-০ গোলে।

শেষ কোয়ার্টারের শুরুতেই নিজের দ্বিতীয় গোলটি করেন নভনীত। গোলকিপারকে কাটিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

তবে জার্মানি হাল ছাড়েনি। শেষ দিকে ভারতের রক্ষণে প্রবল চাপ তৈরি করে তারা। গোলকিপার সবিতা পুনিয়াও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে এগিয়ে রাখেন। ৫৩ মিনিটে জার্মানির পেনাল্টি কর্নার থেকেও গোল হতে দেননি তিনি।

শেষ পর্যন্ত ৫৯ মিনিটে লিন ক্রিংসের গোলে একটি গোল শোধ করে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তেও পেনাল্টি কর্নার পায় তারা। তবে ভারতীয় রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে বিশ্বকাপে পঞ্চম স্থান নিশ্চিত করে ভারত।

ম্যাচ শেষে ভারতীয় মিডফিল্ডার নেহা বলেন, বিশ্বকাপে পঞ্চম হওয়া তাঁদের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, “আমরা সেমিফাইনাল ও ফাইনাল খেলতে চেয়েছিলাম। সেটা হয়নি। তবে পঞ্চম হয়ে আমরা খুশি।”

আগামী এশিয়ান গেমস নিয়েও আত্মবিশ্বাসী নেহা। তিনি বলেন, “এশিয়ান গেমস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সামনে অলিম্পিক্সও রয়েছে। এশিয়ায় চীন, জাপান ও কোরিয়ার মতো শক্তিশালী দল আছে। তাই প্রতিযোগিতা কঠিন হবে। আমরা নিজেদের খেলা আরও ভালো করার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”