জামায়াত গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থেকে কার্যক্রম চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর দাবি, সে হিসেবে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘুই বলা যায়।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি’—জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি আগেই বলেছিলেন, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তাহেরের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
রাশেদ খাঁন আরও লেখেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ জামায়াত মাঠে নামবে। তাহেরের বক্তব্যের সূত্র ধরে তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজার আহত হওয়ার ঘটনাকে জামায়াতের কাছে কি কোনো গুরুত্বই নেই?
১৯৭১ সালে জামায়াতের কারণে এর চেয়েও বেশি রক্ত ঝরেছে দাবি করে রাশেদ খাঁন লেখেন, ‘এজন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়। তা না হলে ২০২৪ সালের গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি—এ কথা কীভাবে বলা যায়?’
পোস্টের শেষাংশে তিনি দাবি করেন, ‘সত্যি বলতে, জামায়াত তো গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন। আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছেন নাহিদ ইসলাম।’



