জাতিসংঘ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে সম্পূর্ণ সমর্থন করছে বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।
বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা এবং উন্নয়ন অগ্রাধিকারসহ চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার প্রধান বিষয় ছিল আসন্ন জাতীয় নির্বাচন। লুইস নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়। দুই পক্ষ সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় অনুসন্ধান করেন।
বৈঠকে আরও আলোচিত হয় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি। উভয় পক্ষ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সহায়তা তহবিলের ঘাটতি মোকাবিলা এবং তাদের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গোয়েন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।



