মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (১৯৭৩)-এ সংশোধনী এনে এ বিধান যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধনীটি অনুমোদিত হয়। পরে বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, সংশোধিত আইনে নতুন ধারা ২০(সি) যুক্ত করা হয়েছে। এই ধারার অধীনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ৯(১) অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হয়, তবে তিনি জাতীয় সংসদ, স্থানীয় সরকার, কিংবা অন্য কোনো নির্বাচিত পদে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন।
এছাড়া, ওই ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরি কিংবা অন্য কোনো সরকারি পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য হিসেবে গণ্য হবেন।



