tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর রূপরেখা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর রূপরেখা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য সুস্পষ্ট রূপরেখা ও নীতিমালা দিয়েছেন উল্লেখ করে সেই নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া নীতিমালা ও রূপরেখাকে সামনে রেখেই কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, দেশের সব ধর্ম ও মতের মানুষ যেন স্বাধীনভাবে নিজেদের কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের সবার সহযোগিতা প্রয়োজন।

ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব

ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওলামায়ে কেরামদের সঙ্গে যত বেশি যোগাযোগ ও আলোচনা হবে, তত বেশি পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হবে।

শুধু ইসলামি আলেমদের সঙ্গে নয়, অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করার কথা জানান তিনি।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, পারস্পরিক আলোচনা ও যোগাযোগের মাধ্যমে দেশে ধর্মীয় সম্প্রীতির ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব। বিভিন্ন মত ও ধারার আলেমদের সহাবস্থান বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, শুধু ইসলাম ধর্মের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা ও গুরুজনদের কাছেও যাওয়া এবং তাদের সঙ্গে মতবিনিময় করাও ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অংশ।