-
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওয়ালটন শোরুম, জুয়েলারিসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টারপ্রাইজের কর্মচারী মো. রানা (২৮)। আগুনের ধোঁয়া ও তাপে অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, মার্কেটের নিচতলায় ন্যাশনাল ক্রোকারিজের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের হাজী এন্টারপ্রাইজ ও ওয়ালটন শোরুম, ডা. মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটনেস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুনসহ ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সময় ভবনের আবাসিক অংশে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্য ছিলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



