-
চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা।
চলতি বছরের আগস্টের প্রথম ১৭ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, গত বছরের একই সময়ে এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।
অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।



