রাশিয়ার সুপরিচিত যুদ্ধবিরোধী রাজনীতিবিদ ও উদারপন্থী দল ইয়াব্লোকোর উপপ্রধান লেভ শ্লোসবার্গকে ১১ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
৬৩ বছর বয়সী এই নেতাকে রুশ সশস্ত্র বাহিনীকে ‘কলঙ্কিত করা’ এবং সেনাবাহিনী সম্পর্কে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে এ সাজা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল।
পস্কোভ শহরের আদালতে দেওয়া রায়ের পর শ্লোসবার্গ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর রাজনৈতিক ও নাগরিক অবস্থান ধরে রাখার কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতি ও রাজনৈতিক আলোচনার আহ্বান জানান তিনি।
শ্লোসবার্গের দল ইয়াব্লোকো জানিয়েছে, আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে রায়ের ঠিক আগেই রাশিয়ার সুপ্রিম কোর্ট আগামী সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে ইয়াব্লোকো দলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে। ২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর প্রকাশ্যে এর বিরোধিতা করা নিবন্ধিত দলগুলোর মধ্যে ইয়াব্লোকো অন্যতম।
রাশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকারের সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুদ্ধকালীন সেন্সরশিপ আইনের আওতায় রুশ সামরিক বাহিনী নিয়ে সরকারের বিরোধী বক্তব্যের জন্য অনেক রাজনীতিবিদ, সাংবাদিক ও অধিকারকর্মীর বিরুদ্ধে মামলা ও শাস্তির ঘটনা ঘটেছে।
প্রায় ২৭ বছর ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামলে বিরোধী মত দমনের অভিযোগও দীর্ঘদিনের।



