tanaka
প্রচ্ছদজাতীয়গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার: সতর্কবার্তা দিল বাংলাদেশ পুলিশ

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার: সতর্কবার্তা দিল বাংলাদেশ পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে পুলিশের ধারণা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন ধরনের অনৈতিক তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, এসব অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে সম্পৃক্ত থাকা, পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরে অন্যায় তদবির করা এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবি করার তথ্য-প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ পুলিশ আরও দাবি করেছে, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী পেশাদারত্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।