tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৯ জন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা স্বস্তির খবর।

শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৪ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া বরিশালে ২২৮ জন, খুলনায় ১৯৬ জন, চট্টগ্রামে ১০৮ জন, রাজশাহীতে ৯৮ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৪৬ জন এবং সিলেটে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ৬৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৩১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া ৫৯ জনের মধ্যে ৩৭ জন নারী, যা মোট মৃত্যুর ৬২ দশমিক ৭ শতাংশ। অপরদিকে, ২২ জন পুরুষের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৩ শতাংশ।

এদিকে, বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বাধিক ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে সাতজন এবং সিটি করপোরেশনের বাইরের একটি হাসপাতালে একজন মারা গেছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১০ জন, বরিশালে সাতজন, ময়মনসিংহে ছয়জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।