ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ন্যাটোভুক্ত কয়েকটি মিত্র দেশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৭ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরান ইস্যুতে ন্যাটোর প্রতিক্রিয়ায় তিনি ‘খুবই হতাশ’। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সহায়তার প্রয়োজন ছিল না। তবে সংকটের সময় মিত্র দেশগুলো কতটা পাশে দাঁড়ায়, সেটিই তিনি পর্যবেক্ষণ করছিলেন।
ট্রাম্প আরও দাবি করেন, দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে মিত্রদের পাশে দাঁড়ালেও, সংকটময় পরিস্থিতিতে অনেক মিত্র একইভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে না।
এ সময় তিনি অভিযোগ করেন, ইরান-সংক্রান্ত সামরিক অভিযানের সময় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।
সূত্র: সিবিএস নিউজ



