সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে মোট ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা কোটা পুরোপুরি বাতিল করা হয়েছে।
নতুন বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২০ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৮০ শতাংশ পদ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
আগের বিধিমালা অনুযায়ী নারীদের জন্য ৬০ শতাংশ, পুরুষদের জন্য ২০ শতাংশ এবং পোষ্যদের জন্য ২০ শতাংশ কোটা ছিল। তবে নতুন বিধিমালায় সরাসরি নিয়োগযোগ্য ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক হবে এবং বাকি ৭ শতাংশ কোটায় সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এসব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
এ বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে আগের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ রহিত বলে গণ্য হবে।



