নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি খুশি। মানুষ দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের অপেক্ষায় ছিল। পানের দোকানদার থেকে শুরু করে শিল্পোদ্যোক্তা পর্যন্ত সবাই নির্বাচন চায়।”
তিনি আরও বলেন, দেশের সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।
যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছেন বা বর্জনের কথা ভাবছেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, “যারা হঠকারী সিদ্ধান্ত নেবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে।”
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।



