ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কোনো পক্ষেরই উপকারে আসে না। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারই বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং বহিরাগত শক্তির সুযোগ নেওয়া ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়।
সোমবার (২০ এপ্রিল) বিচার মন্ত্রণালয়ে এক তদারকি সফরকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর জানিয়েছে প্রেসটিভি।
পেজেশকিয়ান বলেন, সহমর্মিতা, সততা এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। এতে দেশ মর্যাদা ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে। শত্রুর প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক যোগাযোগে সচেতনতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তিসঙ্গত অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, যুদ্ধ কখনোই সমাধান নয়। হুমকির মুখে দৃঢ় অবস্থান বজায় রাখার পাশাপাশি উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক ও যুক্তিসঙ্গত পথ অনুসরণ করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। দেশটি ইসরায়েল অধিকৃত অঞ্চলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়া মানেই সবকিছুর সমাপ্তি নয়; বরং এটি আরও গুরুত্বপূর্ণ এক পর্যায়ের সূচনা। তিনি ‘জিহাদে আকবর’-এর কথা উল্লেখ করে বলেন, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, এই সময়ে যুদ্ধকালীন সময়ের তুলনায়ও বেশি মানসিক ও সামাজিক প্রস্তুতি প্রয়োজন।
ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দিকনির্দেশনার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তাদের সমর্থন ও নির্দেশনা শুরু থেকেই সরকারের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। এই দিকনির্দেশনার আলোকে গড়ে ওঠা সমন্বয়ই কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হয়েছে।



