tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে নতুন হুমকি ট্রাম্পের

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

ইরানকে নতুন করে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি দ্রুত না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, ইরানের খার্গ দ্বীপসহ তেল, বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত কোনো সমঝোতা না হলে বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালানো হতে পারে।

তবে একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। যদিও সমঝোতা না হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন।

এর আগে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে, যেখানে পাকিস্তানের নামও উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই  বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে তেহরান ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হিসেবে দেখছে। আলোচ্য বিষয়গুলোতে ইরানের অবস্থান স্পষ্ট এবং দেশটি নিজস্ব নীতির ভিত্তিতেই এগোচ্ছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বাঘেই। তিনি বলেন, আমেরিকার অভ্যন্তরে তাদের কূটনৈতিক দাবির গ্রহণযোগ্যতা নিয়েই সন্দেহ রয়েছে, যেখানে ইরানের অবস্থান শুরু থেকেই অপরিবর্তিত।

তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোকে শত্রু হিসেবে দেখে না; বরং তাদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। ইরানের সামরিক পদক্ষেপ কেবল সেইসব স্থাপনাকে লক্ষ্য করে, যেগুলো থেকে দেশটির ওপর হামলা চালানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বজায় আছে এবং সংঘাত থেকে দূরে থাকার জন্য কিছু আঞ্চলিক দেশকে ধন্যবাদও জানানো হয়েছে।

এদিকে চলমান সংকটের সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করে বাঘেই বলেন, আঞ্চলিক দেশগুলোকে এই সংঘাতে জড়ানো উচিত নয়। এ প্রসঙ্গে ভলোদিমির জেলেনস্কির কথাও উল্লেখ করেন তিনি।