ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হলে আলোচনার একপর্যায়ে নিজের বক্তব্যে করা ভুল স্বীকার করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশ্যে একটি সম্পূরক প্রশ্ন করেন। তবে সংসদের প্রচলিত বিধি অনুযায়ী ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার না করায় পরে বিষয়টি উপলব্ধি করে দুঃখ প্রকাশ করেন তিনি।
সম্পূরক প্রশ্ন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার বয়স সাড়ে সাতাশ বছর। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সালে সংসদে এসেছেন, আর আমার জন্ম ১৯৯৮ সালে। অভিজ্ঞতার দিক থেকে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে প্রচলিত যে আনুষ্ঠানিকতা বা নিয়ম আছে, সেগুলো আমরা সংশোধন করতেও প্রস্তুত।”
এর আগে বক্তব্যের শুরুতে তিনি বলেন, “সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে কখনো কখনো তিনি নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন। এ বিষয়টি নিয়ে আমরা সবসময় কিছুটা সংকোচে থাকি।”
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।



