প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই তারা মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে চলমান কূটনৈতিক কার্যক্রম ও অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা।
এর আগে বুধবার দায়িত্বের প্রথম দিনটি মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। একই দিনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান শামা ওবায়েদ।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা সৌজন্য সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের সঙ্গে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।



