tanaka
প্রচ্ছদরাজনীতিজোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোট নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। আসন বণ্টনসহ নানা বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সব শরিকের মধ্যে ঐকমত্য হয়নি। এরই পরিপ্রেক্ষিতে একটি দলকে বিশেষভাবে দায়ী করে জোটে না থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা ২৬৮টি আসনে মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।’

জোটে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই ইসলামপন্থিদের জন্য “ওয়ানবক্স পলিসি”র ডাক দিয়েছিলেন। শুরুতে অনেকেই এই আহ্বানে সাড়া দিলেও পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি, কেউ কেউ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্যকে সামনে রেখে এই নীতির পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। এতে আমরা গভীরভাবে মর্মাহত।’

তিনি আরও বলেন, ‘গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হয়েছে। অথচ ৫ আগস্টের পর আমরা সারা দেশে ইসলামপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছি, শেষ পর্যন্ত এসে সেই মূল লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইসলামের পক্ষের যে “বাক্স”, সেটিকে আমাদের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

জামায়াতে ইসলামীর অবস্থান প্রসঙ্গে গাজী আতাউর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রকাশ্যে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এমনকি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় শরিয়া আইন বাস্তবায়ন করা হবে না—এমন আশ্বাস দেওয়ার কথাও আমরা জানতে পেরেছি। এসব বিষয় স্পষ্ট হওয়ার পর আমরা নিশ্চিত হয়েছি, আমরা যে লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, সেই লক্ষ্য অর্জিত হবে না।’

তিনি বলেন, ‘বর্তমানে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো একটি বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু যারা নেতৃত্বে রয়েছে, তারাই যদি ইসলামী আদর্শ ও ইসলামী আইনের প্রশ্নে আপস করে, তাহলে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করা কর্মী-সমর্থকদের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে।’

শেষে তিনি বলেন, ‘ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তাই কোনো অবস্থাতেই নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারি না, নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণাও করতে পারি না।’