tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদটপ নিউজএমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

এমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার পর পুলিশ আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা গ্রেফতার হওয়া আমিনুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন— মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) এবং রাকিবুল হাসান (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার রোজগার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় বসবাস করতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুল ইসলাম ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওবায়দুর রহমানের ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে অবহিত করেন এবং ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারভিত্তিক একটি চক্র গাজী নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু আপত্তিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। সংসদ সদস্যের সন্দেহ ছিল, ওবায়দুর রহমানই গোপনে ভিডিও ধারণ করে তা সংবাদমাধ্যম ও ওই চক্রের কাছে পৌঁছে দিয়েছেন।

এই সন্দেহের জেরে গত ১৪ জুলাই গাজী নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এজাহার অনুযায়ী, সেদিন সকাল ১১টার দিকে আমিনুর রহমান কৌশলে তাকে ড্রয়িংরুমে ডেকে নেন। পরে সেখানে উপস্থিত অন্য আসামিরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে আমিনুর রহমান তাকে মেঝেতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার মা তাহমিনা ও ছোট বোন মীম চিৎকার করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুর রহমানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও দাবি করা হয়েছে, ঘটনার পর আসামিরা তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দিয়ে আসছেন।

উল্লেখ্য, এসব অভিযোগ মামলার বাদীর এজাহারে উল্লিখিত। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা আদালতে অভিযোগের সত্যতা এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি।