১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে ১৮তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় শেষ করতে শিরিন সময় নেন ১২.০৮ সেকেন্ড। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
প্রতিযোগিতাটি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের খেলাধুলা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিরিন আক্তার বলেন, তিনি এভাবেই খেলাধুলা চালিয়ে যেতে চান। বর্তমানে যবিপ্রবিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কোচরা তাঁকে নিয়মিত সহযোগিতা করেন বলেও জানান শিরিন।
স্নাতকোত্তর শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এ লক্ষ্যে বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই অ্যাথলেট।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে ১২.১০ সেকেন্ড সময় নিয়ে টানা ১৭তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার ১২.০৮ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের কৃতিত্ব আরও এক ধাপ এগিয়ে নিলেন তিনি।
দেশের অ্যাথলেটিকসে দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতায় শিরিন আক্তারের এই অর্জন বাংলাদেশের নারী স্প্রিন্টের জন্য উল্লেখযোগ্য একটি সাফল্য।



