চলতি বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল বুধবার একদিনেই প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। ফলে বছরওয়ারি হিসাবে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ দশমিক ৯০ শতাংশ।



