-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়ার প্রথম দিনের ব্রিফিং ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের স্বামীর কথা বলতে গিয়ে ভুল করে ‘প্রেসিডেন্ট’ বলে ফেলেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হওয়া কেটি জাকারিয়ার প্রথম সংবাদ সম্মেলনেই ঘটে এই ঘটনা। চার সন্তান সামলে কীভাবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান, তার স্বামী তাকে সহযোগিতা করছেন। কিন্তু কথা বলতে গিয়ে মুখ ফসকে ‘আমার প্রেসিডেন্ট’ বলে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গেই ভুল সংশোধন করে বলেন, ‘দুঃখিত, আমার স্বামী।’ এরপর হাসিমুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।
ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচনা প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল কেটির কথা বলার ধরনকে রোবটের মতো বলে মন্তব্য করেছে। অন্যদিকে দ্য ইন্ডিপেন্ডেন্ট তার প্রথম দিনের পারফরম্যান্সকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছে। তবে কেটির প্রতি আস্থা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, প্রথম ব্রিফিংয়ে কেটি দারুণ কাজ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ ঘটনাটিকে নিছক মজার ভুল হিসেবে দেখছেন, আবার কেউ তার উপস্থাপনার ধরন নিয়ে কটাক্ষ করছেন। একজন ব্যবহারকারী ভিডিওটি দেখে মন ভালো হয়ে যাওয়ার কথা বলেছেন। অন্য একজনের মন্তব্য, কেটির কথা বলার ধরন দেখে মনে হচ্ছে, কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে বই পড়ে শোনাচ্ছে।
তবে বিতর্ক শুধু মুখ ফসকে বলা একটি শব্দেই সীমাবদ্ধ থাকেনি। প্রথম দিনেই কেটির শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করলেও, এ-সংক্রান্ত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সাংবাদিক। এ বিষয়ে প্রশ্ন করা হলে কেটি জানান, চীনে যাওয়ার পর তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমগুলো।
হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব হলো প্রেসিডেন্টের অবস্থান ও নীতিগত বক্তব্য তুলে ধরা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া। সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকলেও দায়িত্বের প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত এই ভুলের কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কেটি জাকারিয়া।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
স্বামীর বদলে ‘প্রেসিডেন্ট’ বলে ভাইরাল ট্রাম্পের নতুন প্রেস সচিব



