মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জুড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের কর্মসূচিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি কিশোর রায় চৌধুরী মনি।
এদিকে, বুধবার সকালে জুড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।



