tanaka
প্রচ্ছদসারাদেশগোবিন্দগঞ্জে অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস

গোবিন্দগঞ্জে অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস

  1. গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্তামারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ ইমরান খান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আলমগীর হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে ফসলি জমির মধ্যে ৪৫টি চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিল।

    তাদের দাবি, এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ও তাপের কারণে এলাকার কৃষিজমি, আমের মুকুল, নারকেলগাছের ফুল এবং বিভিন্ন শাকসবজির ক্ষতি হচ্ছিল। পাশাপাশি ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা ধরনের শারীরিক সমস্যাও দেখা দিচ্ছিল। এতে এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

    স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে অবহিত করেও কার্যকর প্রতিকার পাননি তারা। পরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে বুধবার অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে চুল্লির ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান।

    গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে সেখানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কার্যক্রম চলছিল। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।