tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনস্কুল-কলেজের কমিটি নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ষড়যন্ত্র দেখছে অভিভাবক ঐক্য ফোরাম

স্কুল-কলেজের কমিটি নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে ষড়যন্ত্র দেখছে অভিভাবক ঐক্য ফোরাম

দেশের বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধের সিদ্ধান্তের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির নেতাদের দাবি, আমলাতান্ত্রিক তৎপরতার মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোকে ব্যবহার করে ভিত্তিহীন অজুহাতে নির্বাচন বন্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অভিভাবকরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ করেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।

বিবৃতিতে নেতারা জানান, কয়েক দিন ধরেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন তারা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি প্রকাশের পর তাদের সেই আশঙ্কা বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন সংগঠনটির নেতারা।

তাদের বক্তব্য, বর্তমানে কার্যকর নির্বাচনি প্রবিধানমালা অনুসরণ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজন করতে হবে। নতুন কোনো অজুহাত দেখিয়ে এ প্রক্রিয়া বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। প্রবিধানমালা সংশোধনের কথা বলে নির্বাচন স্থগিত করা গণতান্ত্রিক সরকারের ওপর সরাসরি আঘাতের শামিল বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে যখন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চলছে, তখন বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এ পরিস্থিতিকে অসংগত বলে উল্লেখ করেছেন অভিভাবক ঐক্য ফোরামের নেতারা।

তারা বলেন, গণতান্ত্রিক সরকারের সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব আমলাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। বরং নির্বাচনের মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের প্রতিনিধিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিতে হবে।

সংগঠনটির নেতারা আরও অভিযোগ করেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা খাত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যে ধরনের আচরণ দেখা গিয়েছিল, বর্তমানে আবারও একই প্রবণতা শুরু হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে এ পরিস্থিতি থেকে বের করে আনার আহ্বান জানান তারা।

এ অবস্থায় নির্বাচন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের নেতারা। একই সঙ্গে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।