পানির বোতলের নির্ধারিত দামের চেয়ে মাত্র ২ রুপি বেশি নেওয়ার ঘটনায় ভারতের উত্তর প্রদেশের হাথরাসের একটি রেস্তোরাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছেন ভোক্তা সুরক্ষা কমিশন। একই সঙ্গে অভিযোগকারীকে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার রুপি এবং আইনি খরচ হিসেবে আরও ৫ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসিএন রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ রায় দেন আলিগড়ের জেলা ভোক্তা সুরক্ষা কমিশন।
যেভাবে ঘটনার সূত্রপাত
ঘটনাটি গত ১১ মার্চের। ওই দিন আলিগড়ের বাসিন্দা অঙ্কুর আগরওয়াল রেস্তোরাঁটিতে খেতে যান। সেখানে এক বোতল পানি কিনে তিনি দেখতে পান, বোতলটির গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা রয়েছে ১৮ রুপি। কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার কাছ থেকে দাম নেয় ২০ রুপি।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুর। এ নিয়ে তিনি আলিগড় জেলা ভোক্তা সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পক্ষে শুনানির সময় রেস্তোরাঁর বিল এবং পানির বোতলের ছবি জমা দেন তিনি। এসব নথিতে দেখা যায়, বোতলের গায়ে ১৮ রুপি মূল্য লেখা থাকলেও ক্রেতার কাছ থেকে ২০ রুপি নেওয়া হয়েছিল।
অভিযোগের জবাব দিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সুযোগ দেওয়া হয়। তবে শুনানিতে তাদের পক্ষে কেউ উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেননি।
কমিশনের রায় ও জরিমানার নির্দেশ
গত ১২ অক্টোবর মামলাটির রায় ঘোষণা করে কমিশন। এতে বলা হয়, পণ্যের গায়ে উল্লেখ করা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া অন্যায্য ব্যবসায়িক চর্চার শামিল। এ কারণে রেস্তোরাঁটিকে ১ লাখ রুপি জরিমানা করে সেই অর্থ ভোক্তা কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি হয়রানির শিকার অঙ্কুর আগরওয়ালকে ১ হাজার রুপি ক্ষতিপূরণ এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৫ হাজার রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন।
জরিমানার অর্থ পরিশোধের জন্য রেস্তোরাঁটিকে ৪৫ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
সূত্র: এনডিটিভি



