শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভূমিধসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২১৮ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি ক্ষতি করেছে দেশটির মধ্যাঞ্চলে। উপড়ে পড়া গাছ ও ভূমিধসে বহু সড়ক বন্ধ হয়ে পড়েছে। ত্রাণকর্মীরা এসব সড়ক পরিষ্কার করার কাজ শুরু করায় ধীরে ধীরে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে।
ডিএমসি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় পুরো দ্বীপরাষ্ট্রজুড়ে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই লাখ মানুষকে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।



