tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসীমান্তে ১৫ কেজির বেশি স্বর্ণ জব্দ, মূল্য প্রায় ৩২ কোটি টাকা

সীমান্তে ১৫ কেজির বেশি স্বর্ণ জব্দ, মূল্য প্রায় ৩২ কোটি টাকা

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ স্বর্ণের চালান আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৬০৭ গ্রাম স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায়, দর্শনা সীমান্তের কাছাকাছি নদীয়া জেলার বানিপুর বর্ডার আউটপোস্ট এলাকায় এই চালান আটক করা হয়।

বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা রোববার ভোরে নিয়মিত টহল দেওয়ার সময় এক নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়।

বিএসএফের হিসাবে, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ১৫ কেজি ৬০৭ গ্রাম। ভারতে এর আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি টাকা।

স্বর্ণ উদ্ধারের পর ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিএসএফ কর্মকর্তারা। পরে তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তকারীরা এখন এই পাচারের সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ভারতের কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছেন।

বিপুল পরিমাণ স্বর্ণের এই চালান আটকের পর সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। তদন্তকারীদের ধারণা, এ ঘটনার সূত্র ধরে সীমান্তে সক্রিয় কোনো বড় স্বর্ণপাচার চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।