প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হলে প্রতিটি নাগরিকের স্বার্থও সুরক্ষিত হবে। এভাবেই সবার জন্য একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’
দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অবদানের প্রশংসা করে তারেক রহমান বলেন, অনেক তরুণ পড়াশোনা কিংবা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। তাঁরা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের এই উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ড দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ বিজয়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাঁরা সাফল্য অর্জন করেন, তাঁদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা সরাসরি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব ক্ষেত্রে প্রবীণেরা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
তিনি বলেন, দেশের যেকোনো বড় পরিবর্তন ও অগ্রগতির পেছনে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেসব প্রতিশ্রুতি এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের সম্ভাবনা বিকাশে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। দেশের প্রতিভাবান তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।
তারেক রহমান বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অগ্রগতির গতি আরও বাড়বে। তবে শুধু ব্যক্তিগত উন্নতির কথা ভাবলে চলবে না; দেশের প্রতিটি মানুষের কল্যাণ নিশ্চিত করার বিষয়টিও তরুণদের বিবেচনায় রাখতে হবে।
১৫ জন পেলেন যুব স্বেচ্ছাসেবক পুরস্কার
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রতিটি সংগঠন পেয়েছে দুই লাখ টাকা করে।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখেই সবাইকে এগিয়ে যেতে হবে।



