tanaka
প্রচ্ছদজাতীয়সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ নেই: রুমিন ফারহানা

সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ নেই: রুমিন ফারহানা

বর্তমান সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ বা ‘ডিসেন্ট ওয়েজ’ নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে যে ধরনের আচরণ তিনি প্রত্যক্ষ করেছেন, তা কোনোভাবেই গণতান্ত্রিক রীতির অংশ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, তার বক্তব্যের পর কেউ চাইলে সেটির জবাব দিতে পারেন। কিন্তু বুধবার সংসদে তার আশপাশ থেকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

রুমিন ফারহানা বলেন, একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন। ফলে প্রত্যেকের মত ও অবস্থান ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। ভিন্নমত থাকলেই তার জবাব যুক্তি ও বক্তব্যের মাধ্যমে দেওয়া উচিত।

তিনি বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তাকে জঘন্যভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

রুমিন ফারহানা আরও বলেন, শুধু ‘না’ বলার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ তিনি দেখেন না। সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা এবং সেই মতকে সম্মান করাই গণতান্ত্রিক চর্চার অন্যতম শর্ত।

বুধবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এতটা অসহিষ্ণু সংসদ দেখে মনে হচ্ছে, তারা যেন আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছেন। আওয়ামী লীগকে এসব কথা বলার সময়ও সংসদে হট্টগোল করা হতো। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।