tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকশর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না, জানাল ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত ও পূর্বের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে তেহরান। রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ অবস্থান স্পষ্ট করেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় গালিবাফ বলেন, বিভিন্ন দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি চালু করা কিংবা নতুন করে আলোচনায় বসার সুযোগ নেই বলেও জানান তিনি।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গালিবাফের বক্তব্য অনুযায়ী, ইরানের মানুষের ন্যায্য অধিকার স্বীকার এবং গত জুনে হওয়া চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত বর্তমান অবস্থান পরিবর্তন করবে না তেহরান। শত্রুপক্ষও বিষয়টি সম্পর্কে অবগত বলে দাবি করেন তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয় বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে গত জুনে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের সুযোগ তৈরি করতে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। তবে জলপথ দিয়ে জাহাজ চলাচলের পদ্ধতি এবং নিরাপত্তার দায়িত্ব কার ওপর থাকবে—এসব বিষয়ে মতপার্থক্য দেখা দিলে সেই সমঝোতা কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জ্বালানি পরিবহনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি