শিক্ষার্থীদের শিক্ষা ক্ষতি পূরণে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং নিয়মিত শ্রেণিকক্ষে ক্লাস চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমাদের বড় একটি দাবি পূরণ হয়েছে, এটা আমাদের একটি বড় অর্জন। আমরা আন্দোলন থেকে প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরছি। আগামীকাল থেকেই শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।”
দেলাওয়ার হোসাইন আরও বলেন, “গত আট দিন আমরা ক্লাস নিতে পারিনি। এই সময়ের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস চলবে। শিক্ষার্থীদের সেশনজট যেন না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও ইতিবাচক বিবৃতি দিয়েছে।
ফলে, দাবি আদায়ের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, “আন্দোলনের সফল পরিসমাপ্তিতে শিক্ষকরা নবউদ্যমে পাঠদানে মনোযোগী হবেন।”



