রোহিঙ্গা সংকট আগের চেয়ে আরও জটিল ও ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ সংকটের সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জরুরি। তা না হলে বাংলাদেশের পক্ষে এককভাবে রোহিঙ্গা সমস্যার সুরাহা করা সম্ভব নয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা ইস্যুকে ঘিরে আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে সংকটটি আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ তৈরি করা না গেলে বাংলাদেশ একা এ সমস্যার সমাধান করতে পারবে না।
আলোচনা সভার শুরুতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব বাংলাদেশ পালন করবে। ফলে জলবায়ু তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ শক্তিশালী অবস্থান নেওয়ার সুযোগ পাবে।



