tanaka
প্রচ্ছদসারাদেশআশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক পুরুষ, এক নারী ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ ভাড়া ওঠেন। বাসা নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় পুরুষটির গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন স্বামী-স্ত্রী। তবে তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।