tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলার মধ্যেই নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা স্পিকার আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধের পরিপ্রেক্ষিতেই স্পিকার শুক্রবার দেশে ফিরছেন।

তবে দ্রুত দেশে ফেরার পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গতকাল থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টির সঙ্গে স্পিকারের আগাম প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শিগগিরই বিষয়টি পরিষ্কার হতে পারে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে এখনো সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।