tanaka
প্রচ্ছদটপ নিউজরাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ

রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ

রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়ে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়। প্রথম দিকে মালিবাগের ফরচুন শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ও আগারগাঁওয়ে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এক রিকশাচালক আহত হন।

এ ছাড়া রাজধানীর বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান ও মগবাজার মোড়েও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

একই দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।