যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৬ বছর বয়সী এক কিশোরের চালানো এই হামলায় প্রাণ হারান ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক। পরে সন্দেহভাজন হামলাকারী কিশোরটিও নিহত হয়।
এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেন্ড পুলিশ বিভাগের তথ্যমতে, বন্দুক নিয়ে স্কুলে প্রবেশের পর ওই কিশোরকে ধাওয়া করেন স্থানীয় এক ব্যক্তি। একপর্যায়ে তার সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন হামলাকারী।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে একটি গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীর গুলি ছোড়ার খবর পায় তারা। এর কয়েক মিনিটের মধ্যেই স্কুলের ভেতর থেকে একের পর এক জরুরি ফোন আসতে শুরু করে। দুপুর ১টা ২ মিনিটের দিকে হামলাকারী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ জানান, বিদ্যালয়ে উপস্থিত একজন সাধারণ নাগরিক বন্দুকধারীকে ভেতরে প্রবেশ করতে দেখে তার পিছু নেন। পরে একপর্যায়ে তাকে গুলি করে প্রতিহত করেন ওই ব্যক্তি। এতে হামলাকারী কিশোরের মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনার পর বেন্ড-লা পাইন স্কুল ডিস্ট্রিক্টের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সব ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওরেগনের গভর্নর টিনা কোটেকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে হামলাকারী কিশোরের পরিচয় এবং বিদ্যালয়টির সঙ্গে তার আগে থেকে কোনো সম্পর্ক বা বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বিবিসি



