tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ করার পাশাপাশি ইতোমধ্যে স্থাপিত বসতি প্রত্যাহার করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, আজারবাইজানে এক বৈঠকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, ফিলিস্তিন প্রশ্নকে চীন এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হিসেবে বিবেচিত। এ অবস্থায় বসতি স্থাপন বন্ধ এবং বিদ্যমান বসতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র সঠিক পথ বলে পুনর্ব্যক্ত করেছে চীন। এ সমাধানের আওতায় ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি স্বাধীন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়।

এদিকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথ সম্পূর্ণ উন্মুক্ত করার ওপরও গুরুত্ব দিয়েছেন ওয়াং ই। মানবিক সহায়তা বাধাগ্রস্ত হলে সেখানে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে উল্লেখ করে তিনি মানবিক বিপর্যয় ঠেকাতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।