ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়।
পোস্টে আয়োজকদের উদ্দেশে বলা হয়, প্রতিটি সমাবেশে শিক্ষার্থীদের মূল দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি কর্মসূচির অনুমতি ও অন্যান্য সমন্বয় সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
সিজেপির এই কর্মসূচির ঘোষণা এমন সময় এলো, যখন প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণে ইতোমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেছেন।
এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপি নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দলটি জানায়, আলোচনা হলে তা আন্দোলনস্থল দিল্লির যন্তর মন্তরে অথবা উভয় পক্ষের সম্মতিতে কোনো নিরপেক্ষ স্থানে হতে হবে।
সিজেপি নেতা অশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন জনরোষের কারণে তারা যন্তর মন্তরে যেতে পারবেন না। এ বিষয়ে তিনি বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না।”
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও আন্দোলনরত তরুণ নেতাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি ও জে.পি. নাড্ডা যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান।
তবে সিজেপি স্পষ্ট করেছে, নিরপেক্ষ স্থান ছাড়া তারা আলোচনায় অংশ নেবে না।
এদিকে আন্দোলনের অন্যতম মুখ ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অসুস্থতার কারণে সাময়িক বিশ্রামে যাওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কিছু সময়ের জন্য আন্দোলনস্থল থেকে দূরে থাকলেও সন্ধ্যার মধ্যে আবার যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরবেন।
অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, বুধবার রাতে দিল্লিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে।
অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। অভিজিৎ দীপকও পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, আন্দোলন দমনের চেষ্টা চলছে। আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস



