tanaka
প্রচ্ছদখেলামেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মিয়া

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মিয়া

মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের দাপট অব্যাহত রেখেছে ইন্টার মিয়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। ম্যাচে নিজে গোল না পেলেও আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পলকে দিয়ে গোল করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিয়ামির অধিনায়ক।

নিজেদের মাঠ নু স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ২০ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান বার্তেরাম।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ায় মিয়ামি। বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন রদ্রিগো দে পল। মেসির নিখুঁত পাসে পাওয়া এই গোল স্বাগতিকদের জয়ের পথ আরও সহজ করে দেয়।

বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। তবে ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পেয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে নিউইয়র্ক সিটি এফসি। কিন্তু নিকোলাস ফের্নান্দেস মেরকাউয়ের নেওয়া শট অসাধারণ দক্ষতায় আটকে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এর পরপরই ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি।

এই জয়ে নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে নিউইয়র্ক সিটি এফসি। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।

গত বছর প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল ইন্টার মিয়ামি। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে মেসির নেতৃত্বাধীন দল।

চলতি মৌসুমে মিয়ামির সাফল্যে বড় ভূমিকা রাখছেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে ২৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৪টি গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। গোল করা ও করানো—দুই ক্ষেত্রেই তার ধারাবাহিক পারফরম্যান্স দলকে এগিয়ে নিতে সহায়তা করছে।

ম্যাচ শেষে মেসির প্রশংসা করেন মিয়ামির কোচ ক্রিস্তিয়ান কিলি গনসালেস। তিনি জানান, ক্লাব ও সতীর্থরা সব সময় মেসিকে সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে রাখেন। অন্যদিকে মেসি নিজের কাজ ও পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদিন দলের অন্যদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগান।

নিয়মিত মৌসুমের পরবর্তী ম্যাচে আগামী রোববার আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। একই দিনে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে খেলবে নিউইয়র্ক সিটি এফসি। প্লে-অফ নিশ্চিত করার পর বাকি ম্যাচগুলোতে নিজেদের অবস্থান আরও শক্ত করাই এখন মেসিদের লক্ষ্য।