মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও আহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, “মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য দান করেন।”
তিনি বলেন, “এই ধরনের হৃদয়বিদারক ঘটনা আমাদের ক্রমাগত নাড়া দিয়ে যাচ্ছে। বারবার ঘটে যাওয়া এ ধরনের দুর্ঘটনা কেবল শোকের কারণই নয়, বরং বহু প্রশ্নেরও জন্ম দেয়। এটি প্রমাণ করে যে, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের এখনও অনেক ঘাটতি রয়েছে।”
তারেক রহমান আরও বলেন, “দায়ীদের চিহ্নিত করতে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। তদন্তের ভিত্তিতে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন,”প্রিয়জন হারানো পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে আমরা তাদের পাশে আছি এবং প্রার্থনা করি, তারা যেন এই কঠিন সময়ে শক্তি ও ধৈর্য অর্জন করতে পারেন।”



