কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলির লক্ষ্যভ্রষ্ট আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিশুটির নাম মাহিয়া সুলতানা আফরান (৮)। তিনি হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের কন্যা।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে সংবাদ লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বেড়িবাঁধের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেন। এ সময় তিনি নিহত শিশুর পিতা জসিম উদ্দিনকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফোনে জানান, একজন শিশুর নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।



