tanaka

রাতের কৃত্রিম আলো কি বাড়িয়ে দিচ্ছে এডিস মশার কামড়ের সময়?

সূর্য ডোবার পর শহর যত আলোকিত হচ্ছে, ততই বদলাচ্ছে রাতের পরিবেশ। আর এর সঙ্গে এডিস মশার আচরণেও কোনো পরিবর্তন ঘটছে কি না, তা নিয়ে...
প্রচ্ছদজাতীয়মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার নিরলসভাবে কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাস বা প্রায় ১৫০ দিনের যাত্রা সময়ের হিসেবে দীর্ঘ না হলেও একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ। প্রতিটি মুহূর্ত দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপ মানুষের আস্থা অর্জনের নতুন চ্যালেঞ্জ।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার ও চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার, উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয় এবং দুর্নীতিমুক্ত পর্যালোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের কাজও চলমান রয়েছে।

ড. মাহদী আমিন বলেন, অল্প সময়ের মধ্যে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণই সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা।

তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের দায়িত্ব জনগণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর অর্পণ করেছে। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়েই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিনের ভাষ্য, গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ইশতেহার বাস্তবায়নের প্রচেষ্টার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন। তিনি বলেন, দুই বছর আগে ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানাসহ অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণে সংঘটিত সেই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এ সময় তিনি জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই উপলক্ষে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।