tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভোটে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ভোটে জিতলে প্রত্যেক মার্কিনকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের ব্যয় হতে পারে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। খবর বিবিসির।

রিপাবলিকান প্রেসিডেন্টের মেয়াদে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে এ প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তবে নাগরিকদের এই অর্থ কীভাবে দেওয়া হবে কিংবা অর্থের জোগান কোথা থেকে আসবে, সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তুলে ধরেননি তিনি।

ট্রাম্প শুধু জানিয়েছেন, দেওয়া অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করতে হবে। তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসনের আমদানি করা পণ্যের ওপর আরোপ করা শুল্ক থেকে পাওয়া রাজস্বের সঙ্গে যুক্ত করেছেন।

তবে ট্রাম্পের ঘোষণাকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে আখ্যা দিয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি অর্থনীতিবিদ ও অন্য সমালোচকেরাও প্রশ্ন তুলেছেন, এমন পরিকল্পনা আদৌ আইনসম্মত ও বাস্তবায়নযোগ্য কি না।

নির্বাচনের বছরে ভোটারদের আকৃষ্ট করতে কোনো মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের সরাসরি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার ঘটনা এটিই প্রথম হতে পারে।

টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকানদের সম্মেলনে ট্রাম্পের ঘোষণায় ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। হলভর্তি সমর্থকদের করতালিতে ট্রাম্পকেও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা প্রায় ২৭ কোটি। প্রত্যেককে ৫ হাজার ডলার করে দেওয়া হলে সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।

এরই মধ্যে ট্রাম্পের এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় এমন অর্থ বিতরণের সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। এর সঙ্গে ইরান যুদ্ধের প্রভাব এবং পণ্যের দাম বৃদ্ধির বিষয়টিও আলোচনায় এসেছে।

হরমুজ প্রণালির অবরোধকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধ দ্রুত শেষ করার জন্য নিজ দলের ভেতর থেকেও ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।

বুধবার ট্রাম্প তাঁর সমর্থকদের সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না এবং তার আগে তেলের দামও কমবে না। টেক্সাসে দেওয়া ভাষণের আগে তিনি এ মন্তব্য করেন। পরে রিপাবলিকান সম্মেলনেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদে কিছু অর্থনৈতিক চাপ সহ্য করা প্রয়োজন।

ডালাসের সম্মেলনে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প যুদ্ধের বিভিন্ন দিক এবং এর কারণে মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ওপর পড়া প্রভাব নিয়ে কথা বলেন। এর পরই মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর এই ঘোষণায় সম্মেলনস্থলে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ ও যুক্তরাষ্ট্রের সিনেট—দুই কক্ষেই জয়ী হয়, তাহলে আমি যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলারের লভ্যাংশ দেব।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেন এই অর্থ খরচ করতে কানাডায় না যান। আমরা চাই না আপনারা চীন বা জার্মানিতেও গিয়ে এই অর্থ খরচ করুন। এই অর্থ যুক্তরাষ্ট্রেই খরচ করতে হবে।’

তবে এই অর্থ কীভাবে শুধু যুক্তরাষ্ট্রের ভেতরে খরচ করা হবে, তা কীভাবে নিশ্চিত বা নজরদারি করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।