মধ্যরাতে মিয়ানমার সীমান্তের ওপারে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হ্নীলা এলাকা। হঠাৎ এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেরই গভীর রাতের ঘুম ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে সীমান্তের এপারে বাংলাদেশের ভেতরে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অনেকের ধারণা, মিয়ানমারের জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শনিবার মধ্যরাতে দেশটির রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো এ ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। সীমান্তপাড়ের বাসিন্দা আব্দুর রশিদ জানান, আনুমানিক রাত ১২টার দিকে মিয়ানমার দিক থেকে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। মনে হচ্ছিল বিস্ফোরণ একেবারে কাছাকাছি হচ্ছে। শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং অনেকের ঘুম ভেঙে যায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, রাতের বেলায় হ্নীলার পূর্বদিকে মিয়ানমার অংশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। তবে তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিনের মন্তব্য জানতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



