বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) সঙ্গে সাক্ষাৎ করেছেন গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনার।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। একই সঙ্গে বাংলাদেশে গুগলের এআই ল্যাব স্থাপন, স্থানীয় প্রকৌশলীদের এআই প্রশিক্ষণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা ও সেবা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
গুগল প্রতিনিধি এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান। তবে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।
এদিকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। বিশেষ করে গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে বেটিং বা জুয়ার মতো অবৈধ আর্থিক কর্মকাণ্ডের প্রচারণা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
এ ধরনের কনটেন্ট শনাক্ত ও দ্রুত অপসারণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন বিটিআরসি চেয়ারম্যান।
এ ছাড়া গুগলের সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সহযোগিতা ও অংশীদারত্ব আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিটিআরসির প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে কাইল গার্ডনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশে গুগলের সেবা, এআই, পেমেন্ট ব্যবস্থা ও প্রযুক্তি অবকাঠামো সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।



