সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া।
দলে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন,
“বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হলাম।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।”
তিনি আরও বলেন যে বিএনপির ৩১ দফার আলোকে বাংলাদেশ গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছেন রেজা কিবরিয়া। এ আসনটি বিএনপির সদ্য ঘোষিত ২২৭ প্রার্থীর তালিকায় শূন্য রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
২০১৮ সালের নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলের সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানেও বিভক্তি দেখা দেয়। পরে তিনি বিভক্ত অংশের ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।



