পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। একযোগে বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। তাদের অধিকাংশই ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে পৃথক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
অবসরে পাঠানো ৩৩ কর্মকর্তার পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে। ক্লিক করুন



