কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে অবস্থিত মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে একটি বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটির আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা বাকবিতণ্ডায় রূপ নেয়।
একপর্যায়ে জামায়াতের একটি অংশ মাহবুবুর রহমানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনার বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং দেব। বর্তমানে আমাদের মিটিং চলছে।’
এদিকে, বক্তব্য জানতে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি আরও বলেন, দলের ঊর্ধ্বতন নেতারা কার্যালয়ের ভেতরে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগও দেননি।



