tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়বন্যাকবলিত এলাকায় বিজিবির সহায়তা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত

বন্যাকবলিত এলাকায় বিজিবির সহায়তা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দেশের ১১টি বন্যাকবলিত জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা সুরক্ষায় কাজ করছেন বিজিবির সদস্যরা।

রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে বিজিবির সদস্যরা দুর্যোগ মোকাবিলায় দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে এসব জেলার ৯০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। উদ্ধার করা মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও বিভিন্ন ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। অন্যদিকে কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিতে থাকা একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, দুর্যোগের সময়ে সমন্বিত উদ্যোগ, দ্রুত সাড়া এবং মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকার।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসহ সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।